নিজস্ব প্রতিবেদক :
দেশের গণমাধ্যম অঙ্গনে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি, সফল উদ্যোক্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দীর্ঘদিন ধরে দেশের শিল্প, আবাসন ও গণমাধ্যম খাতে সুনামের সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে সফলভাবে প্রতিষ্ঠানটিকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছেন। তার দূরদর্শী নেতৃত্ব, আধুনিক ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফলে রূপায়ণ গ্রুপ আজ একটি আস্থার নাম।
গণমাধ্যম জগতেও মো. লিয়াকত আলী খাঁন মুকুলের অবদান অনস্বীকার্য। তিনি দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর এবং জনপ্রিয় বেতার মাধ্যম দেশ রেডিও-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাধীন সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক গণমাধ্যম চর্চায় তিনি সবসময় অগ্রাধিকার দিয়ে আসছেন।
এছাড়াও তিনি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা দেশের টেলিভিশন শিল্পে তার গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের স্বীকৃতি বহন করে।
সংশ্লিষ্ট মহলের মতে, মো. লিয়াকত আলী খাঁন মুকুলের মতো একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান ব্যক্তির নেতৃত্বে এশিয়ান টেলিভিশন আরও গতিশীল, আধুনিক ও দর্শকপ্রিয় গণমাধ্যমে পরিণত হবে। সংবাদ, বিনোদন ও সমাজঘনিষ্ঠ অনুষ্ঠানমালার মাধ্যমে চ্যানেলটি নতুন উচ্চতায় পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।
তার এই দায়িত্ব গ্রহণকে ঘিরে এশিয়ান টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, মো. লিয়াকত আলী খাঁন মুকুলের নেতৃত্বে এশিয়ান টেলিভিশন সত্য ও সাহসী সাংবাদিকতার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।












