বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। রুবেল প্রাং নামের একব্যক্তি গত ৩০ আগস্ট মামলা দায়ের করেন।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার মিজানুর রহমান সাগরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





















